মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান,সীমান্ত এলাকায় ৪১ জন আটক

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান,সীমান্ত এলাকায় ৪১ জন আটক

প্রতিনিধি / বাগেরহাট ::

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের টহল দল কর্তৃক বিভিন্ন সময়ে আটক প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মাসুদুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ্ মোঃ আশরাফুল আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জাহান কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে দায়িত্ব পালনকারী প্রতিটি সদস্য দিন-রাত নিরলসভাবে কাজ করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

 

তিনি নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহবান জানান।

 

বিজিবি সূত্র জানায়, বিগত ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত বিজিবি ১৭ ব্যাটালিয়ানের আওতাধীন সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসময় ৪১ জনকে আটক করা হয়।

 

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬৫৪টি ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭টি বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, এক হাজার ৪৭০ পাতা সুখি বড়ি, ১৫ হাজার ৭৪৬টি মাদকজাতীয় ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ৮ বোতল (১০০ মিলি) ও ৬ বোতল (৫০ মিলি) এলএসডি এবং ২ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় উদ্ধার করা প্রাণঘাতী মাদক ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930