ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

প্রতিনিধি / বাগেরহাট ::

 

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার সঙ্গে থাকা তিন সহযোগীকেও আটক করা হয়।

 

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, ডেভিড ইমন সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। ভোররাতে একটি কালো রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়।

 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চেহারা পরিবর্তনের উদ্দেশ্যে আলোচিত গোঁফ কেটে ফেলায় প্রথমে ডেভিড ইমনকে শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় স্বীকার করেন। তার সঙ্গে থাকা তিন সহযোগীকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

 

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন দাবি করেছেন, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানে ডেভিড ইমনকে আটক করার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকাল ১০টার দিকে তাকে ও তার সহযোগীদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশ ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমন সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। চট্টগ্রামের একাধিক আলোচিত হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র প্রদর্শনের ঘটনায় তার নাম বিভিন্ন সময় উঠে এসেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে তার একাধিক ছবি ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ মার্চ চট্টগ্রাম নগরের চন্দনপুরা এক্সেস রোড এলাকায় সংঘটিত জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যা এবং ৫ নভেম্বর সরোয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ডে তার নাম আলোচনায় আসে।

 

এ ছাড়া চলতি বছরের ১৩ জুলাই চট্টগ্রামে ‘ডিজিটাল ডটনেট (ডিডিএন)’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রায় ৩৫ লাখ টাকা লুটের ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ডেভিড ইমনের গ্রেপ্তার চট্টগ্রাম অঞ্চলের আলোচিত কয়েকটি অপরাধমূলক ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930