সিলেটে এনসিপির সভা-সমাবেশ নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে এনসিপির সভা-সমাবেশ নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সিলেটের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সভা-সমাবেশ করবে। এ সময় তারা যদি বিএনপির কোনো নেতা বা দলকে উদ্দেশ্য করে উসকানিমূলক বা কটূক্তিমূলক বক্তব্যও দেয়, তবুও আমাদের কোনো নেতাকর্মী উত্তেজিত হবেন না।’

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সিলেট জেলার সবস্তরের নেতাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চায় এনসিপির সব সভা-সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাত্মক সহযোগিতা করবে।

 

তিনি জানান, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যে তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। তিনি প্রশাসনকে আশ্বস্ত করেছেন, যে উপজেলাতেই এনসিপির সভা অনুষ্ঠিত হোক না কেন, সেখানে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত থাকবেন না।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সিলেটে তাদের কর্মসূচি পালন করতে পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।’

 

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর সেখানে পৌঁছালে তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘এনসিপি ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।

মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা দুপুরের খাবারের উদ্দেশ্যে হেতিমগঞ্জের দিকে রওয়ানা দেন। তবে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর আনুমানিক বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেটসংলগ্ন নূর ম্যানশনের সামনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময়ও গাড়িবহর ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

 

হামলায় কেউ আহত হননি বলে জানা গেছে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে হেতিমগঞ্জে নির্ধারিত দুপুরের খাবার না খেয়ে এনসিপির নেতারা সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় হেতিমগঞ্জ বাইপাস এলাকায় তাদের গাড়িবহরে দ্বিতীয় দফায় হামলার চেষ্টার অভিযোগ ওঠে। পরে বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের কানাইঘাটে নির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও, সেখানে যাওয়ার পথে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031