জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে হবে স্মৃতিস্তম্ভ: ভূমিমন্ত্রী

প্রকাশিত: 8:56 PM, August 1, 2026

জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে হবে স্মৃতিস্তম্ভ: ভূমিমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীর জুলাই শহীদদের জন্য একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ড. জোহার স্মৃতির মতো করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণঅভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ভূমিমন্ত্রী বলেন, ১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা একইভাবে অকাতরে রক্ত দিয়েছে। এই মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না।

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে পাঠানো প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শহীদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে যারা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাদের জন্য চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের তালিকা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালো ব্যবহার এবং দেশপ্রেমের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

 

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইফতিখারুল আলম মাসউদ।

 

রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30