বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ৫ম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ৫ম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনের তফসিল ঘোষণা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক ও কল্যাণমূলক সংগঠন‘‘ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’’-এর ৫ম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।

 

তফসিল ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য জুড়ে বসবাসরত বুরুঙ্গা বাজার ইউনিয়নবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নতুন নেতৃত্ব গঠনের ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা।

 

সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বুরুঙ্গা ইউনিয়নের শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন দুর্যোগে আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষাবৃত্তি এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে প্রবাসী সমাজে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

সম্প্রতি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সংগঠনের ৫ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে একই স্থানে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ আগস্ট সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার ১২ আগস্ট সন্ধ্যা ৭টা, এবং নতুন সদস্যপদ গ্রহণের শেষ সময় ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়েছে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ফি ৩শ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান, সহকারী কোষাধ্যক্ষ, সহকারী সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও নারী সম্পাদক পদে মনোনয়ন ফি ২শ পাউন্ড এবং কার্যনির্বাহী সদস্য পদে ১শ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন ফি সম্পূর্ণ অফেরতযোগ্য এবং সকল প্রার্থীকে নির্ধারিত ফি সরাসরি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

 

নির্বাচন কমিশনে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম চৌধুরী, নির্বাচন কমিশনার সানুর মিয়া এবং নির্বাচন কমিশনার কয়েছ রানা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা শতভাগ অনুসরণ করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তারা অঙ্গীকারবদ্ধ।

 

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ৫ম দ্বিবার্ষিক সম্মেলনকে সফল ও স্মরণীয় করে তুলতে দল-মত নির্বিশেষে যুক্তরাজ্যে অবস্থানরত সকল বুরুঙ্গাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। তাদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হবে, যা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রবাসীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও বুরুঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31