সিলেট ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুন এবং দেশে মোদিবিরোধী আন্দোলনের ইতিহাস সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:
ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে যদি জুলাই যাদুঘর থেকে ওয়ান ইলেভেনের রেফারেন্স, ফেলানির স্কালপচার, বর্ডার কিলিং রুম, মোদিবিরোধী আন্দোলনের ইতিহাস সরাতে হয়। তাহলে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য কি মুক্তিযুদ্ধের ইতিহাসও সরিয়ে ফেলতে হবে? তাহলে বাংলাদেশ বলে তো আর কিছুই থাকে না।
তারপরেও কূটনৈতিক সম্পর্কের কি পরিস্থিতি তাও আমরা দেখছি। শত অনুরোধের পরেও হাসিনার প্রেস ব্রিফিং এরেন্জ করে দিলো ভারত। প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হলো সম্মেলনে অংশ নিতে, অথচ ইনভাইটেশনে একবারের জন্য ও ‘প্রাইম মিনিস্টার’ সম্বোধন করা হলো না।
কেন আমাদের আগ্রাসন বিরোধী লড়াই এবং শহীদদের ইতিহাস আড়াল করতে চান? আশা করি জবাব দিবেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।