এমপি নাসিরকে লেখা শিশির মনিরের খোলা চিঠিতে যা আছে

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

এমপি নাসিরকে লেখা শিশির মনিরের খোলা চিঠিতে যা আছে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

 

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টা ১৯ মিনিটে ‘চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ গ্রহণ প্রসঙ্গ’ বিষয় উল্লেখ করা চিঠির এ তথ্য জানিয়েছে ‘শিশির মনির মিডিয়া সেল’ নামের ফেসবুক পেজ। যেখানে শিশির মনিরের ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ করা হয়েছে।

 

চিঠিটি সিলেটভিউর পাঠকদের জন্য নিচে হুবহু দেওয়া হলো।

 

আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়ত আপনাকে অবগত করবেন।

 

বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যেখানেই যাই মানুষ আমাদের জিজ্ঞাসা করে জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এ বয়সে আপনাকে নিয়ে এগুলো হ‌ওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যার পর নাই উদ্বিগ্ন।

 

আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন, আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।

 

তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। এই প্রত্যাশায়।

 

উল্লেখ্য, সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় দা ঠেকিয়ে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠে। এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার। মামলায় নাসির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়, নাসির উদ্দিন চৌধুরীর বাড়িসহ সম্পত্তি থেকে তার দুই স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা আগে থেকেই পরিকল্পনা করে আসছিলেন। ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই এসআরও (সাব-রেজিস্ট্রার) কার্যালয়ের দুই কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাছির উদ্দিন চৌধুরীর কাছ থেকে দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। তিনি এতে রাজি না হলে তার গলায় রামদা ঠেকিয়ে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

এই ঘটনা জানাজানি হওয়ার পর সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পরেই নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে এই খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31