সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এদিকে রোববার রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন।