সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধীদলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বক্তব্যের শুরুতেই মাইক বিভ্রাটে পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন। এরপর তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং নির্বাচনের নিয়মাবলী সংসদে তুলে ধরেন।
সিইসির বক্তব্যের পর ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। ইতোমধ্যে সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ অন্য সংসদ সদস্যরা ব্যালট পেপারে ভোট দিয়েছেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।
ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন, হাত মেলান।
ভোট দিচ্ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধীদলের নেতা শফিকুর রহমান, বিরোধীদলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।
সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস ভোটে অংশ নিতে পারছেন না।
ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যদের পর্যায়ক্রমে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, যাতে ভোটগ্রহণে ভিড় না হয়। ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম রয়েছে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে ভোট দিয়ে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ব্যালট বাক্সে জমা দিচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করছেন। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খোলা হবে। এরপর প্রকাশ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।