‘ব্রাজিল খেলতে এলেই দেশের ফুটবল বদলে যাবে না’

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

‘ব্রাজিল খেলতে এলেই দেশের ফুটবল বদলে যাবে না’

স্পোর্টস ডেস্ক ::

 

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ খেললে সমর্থকদের স্বপ্নপূরণ হবে, তবে এতে দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবেÑ এমনটা মনে করেন না তিনি। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় ম্যাচটি আয়োজনের ইচ্ছা রয়েছে ব্রাজিলের। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে বক্সিং কোচিং কোর্সের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের ব্যয় ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। আমিনুল হক বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’ ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনায় সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও এর মাধ্যমে দেশের ফুটবলের কতটা উন্নতি হবে, তা নিয়ে অবশ্য আশাবাদী নন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন, সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে। কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে, এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’ দেশের ফুটবলের কাঠামোগত উন্নয়ন এবং নতুন প্রতিভা তুলে আনার ওপরই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আমিনুল হক। তার মতে, শুধু বড় দলের বিপক্ষে একটি ম্যাচ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলের ভিত শক্ত করতে হবে।

 

ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের পাইপলাইন তৈরি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে, আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’ তবে সব সীমাবদ্ধতার মধ্যেও শেষ পর্যন্ত ব্রাজিল ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলে সেটিকে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, বাফুফে ইতোমধ্যে ব্রাজিলের প্রতিনিধি দলকে সম্ভাব্য ভেন্যু দেখিয়েছে। এখন বাফুফের পক্ষ থেকে বিস্তারিত সারাংশ পাওয়ার অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। আমিনুল হক বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অর্জন হবে।’ ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ালে তা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে উঠতে পারে। তবে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে অবকাঠামো, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি এবং নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে সেই বাস্তবতাই উঠে এসেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31