সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে চীনের চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপত্র এ কথা বলেন।
সম্মেলনে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রশিক্ষন কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝাতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, এর মাধ্যমে বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হলো।
চীনের চিয়াংশি প্রাদেশিক সরকার আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, দুই দেশের এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকর করে তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য।
বাংলাদেশের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝেং পেংউ সমঝাতা স্মারকে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, এই সমঝাতা স্মারকের আওতায় উভয় পক্ষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষা উপকরণ, শিক্ষা সম্পদ, বৃত্তিমূলক শিক্ষার জন্য গবেষণা কেন্দ্র, শিক্ষা-শিল্প সংহতি, বাংলাদেশে বৃত্তিমূলক শিক্ষার ওপর শিল্প প্রশিক্ষণ, চীন সফর এবং বৃত্তিমূলক শিক্ষা প্রশাসকদের জন্য প্রশিক্ষণ ও বিশেষায়িত কর্মসূচিতে সহযোগিতা করতে আগ্রহী। একই সঙ্গে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ জোরদার করার জন্য বাংলাদেশে চীনা বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
এদিন আনুষ্ঠানিকভাবে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের উন্মোচন করা হয়, যার মধ্যে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার’ উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং ফ্যান হংহুই। চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার’ উন্মোচন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রফেসর পেই হংওয়েই। ‘বাংলাদেশ “চাইনিজ ল্যাঙ্গুয়েজ + স্কিল ডেভেলপমেন্ট” কোঅপারেশন সেন্টার’ উন্মোচন করেন মো. দাউদ মিয়া এবং প্রফেসর ঝেং পেংউ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এনগেজমেন্ট দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সুবিধা এবং অংশীদারিত্বমূলক ভবিষ্যতের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি শ্রেণীকক্ষের সঙ্গে শিল্পকে এবং শিক্ষার সঙ্গে কর্মসংস্থানকে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে তরুণরা কেবল ডিগ্রির জন্য নয়, বরং ক্যারিয়ার, উদ্ভাবন এবং ভবিষ্যতের জন্য শিখতে পারে।
এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা, প্রযুক্তি, কারিগরি প্রশিক্ষণ ও শিল্প উন্নয়নে চীনের অর্জনের প্রশংসা করে বলেন, একটি আধুনিক, শিল্প-সংযুক্ত বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে শেখার এবং বাংলাদেশের চাহিদার সাথে প্রাসঙ্গিক অনুশীলনগুলো প্রয়োগ করার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে।
তিনি পাঠ্যক্রম উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা এবং কর্মসংস্থানমুখী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশী ও চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান।
চীনের পক্ষ থেকে জ্যেষ্ঠ অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ফ্যান হংহুই, আন্তর্জাতিক কার্যালয়ের পরিচালক উ জুওয়েন, চিয়াংশি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পার্টি সেক্রেটারি প্রফেসর পেই হংওয়েই এবং একই বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝেং পেংউ। এছাড়াও দেশটির বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ,বিশিষ্ট শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা সম্মেলনে অংশ নেন।
প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আয়োজন এবং আলোচনায় অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে চীনে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।