সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিকালে আইনজীবী আমির উদ্দিন আমির ও শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে শুনানিতে বলেন, ‘আমরা চাই সঠিক অপরাধীর বিচার হোক। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। এরা ঘটনার সাথে জড়িত না। যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মোটরসাইকেলের সাথে এটার মিল নাই। এ ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করছি।’
শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডের আদেশের পর আদালত থেকে বের করার সময় আসামি পনির বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। র্যাব ভুয়া। সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না। আল্লাহ একটা কিছু করবেই।’
এর আগে গতকাল রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলার বিবরণে বলা হয়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ অগাস্টচোখের ডাক্তার দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় গতকাল রোববার মামলা দায়ের করেন।