সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। একই সাথে পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, “সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং এই স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতসহ সার্বিক সেবায় এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930