সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬
ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার মামলায় যুবক মহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই রিমান্ডের আদেশ দিয়েছেন। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আসাদুর রহমান এই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তাও আদালতে উপস্থিত হন। মুবিনের স্ত্রী ও ছেলে আসেন আদালতে। এ আসামি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মর্মে তদন্তকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন,”ঘটনাটা বর্তমান প্রেক্ষাপটে সেনসিটিভ। প্রধানমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ আসামি প্রধানমন্ত্রীর গাড়িবহরে সংযুক্ত হয়ে যায়। দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে নাশকতার পরিকল্পনা নিয়ে তাকে গাড়ীবহরে ঢুকানো হয়। প্রধানমন্ত্রীকে ঝুঁকিতে ফেলতে এ পরিকল্পনা।
আসামির পক্ষে অ্যাডভোকেট রবিউল আলম জুয়েল রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণায় বলেন,”এ আসামি নির্দোষ। আবেগের বশে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়েন। তার মামা-চাচারা বরিশালে বিএনপির রাজনীতির সাথে জড়িত। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
রিমান্ডের আদেশ শুনে এজলাস কক্ষেই কান্নায় ভেঙে পড়েন মুবিনের স্ত্রী ও ছেলে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আসানি মুবিন বলেন,”আমি শুধু ছবি তুলতে গিয়েছিলাম। আর কিছু না। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে।প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকার প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।