জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ৯টায় নিউইয়র্কের স্থানীয় সময় সকালে তিনি অধিবেশনে যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ।

জাতিসংঘের সাধারণ অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালায় আদ্যাক্ষর দিয়ে আসন বন্টনে বাংলাদেশের আসন ছিলো সামনের সারিতে। অধিবেশন কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সন্মান জানিয়ে নিজের আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তার পাশে বসেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং পেছনের আসনে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মাহদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এদের মধ্যে আছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমূখ।

 

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ প্রাতরাশের আয়োজন করা হয়। নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই প্রাতরাশের আয়োজন করেন।

 

সফর সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।

 

জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930