সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল, কাটা পাথর, লাঠি, কাচের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।
পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টসহ আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন লাঠি, পাথর, কাচের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে ছাদ মিয়া, মতিউর রহমান, শিফাত, মাসুম, আজিজ, নয়ন, মাহবুব, সুন্দর আলী, মেহেদী, এনাম, আবু সাইদ, কামরান, জুবাইয়ের, জাকির হোসেন ও লাহিনের নাম জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের কারণে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে শত শত দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সংঘর্ষের কারণে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল শুরু হলেও গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সিলেটের লামাকাজি পর্যন্ত এবং গোবিন্দগঞ্জ থেকে ধরনবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁর দাবি, পরবর্তীতে কলেজের বাইরের কয়েকজন ছাত্রশিবিরের কর্মী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সাফিকুল আলম বলেন, ‘আজ কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে হাতাহাতির ঘটনা ঘটেছে।’জনতা এঘটনার জন্য থানার পুলিশের দায়ি করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে।
এ রিপোট লেখা পযন্ত ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করছে।