সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
আলোচিত কনটেন্ট ক্রিয়েটরসালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ—এমন অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
আবু হানিফের ফেসবুক পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো—
প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাই। যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট বলেছে কেউ তার কাছে চাঁদা দাবি করে নাই। সে এটাও বলেছে মূলত জমির মালিকের সাথে বিরোধের জেরে এই হামলা।
পুলিশও বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
মূল ঘটনা হলো দুই জমির মালিকের মধ্যকার চলমান বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে, অথচ ছড়ানো হচ্ছে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলে এই হামলা। এটা স্পষ্ট যে, সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ।
আবু হানিফের ফেসবুক পোস্টের স্ক্রিনশট
প্রসঙ্গত, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।
ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়। ভিডিওতে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
এর আগে সালমান অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। তার স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর এবং কিছু মালামাল লুটের অভিযোগও ওঠে।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম পুলিশ।