সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কলারাই বাজারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নেছাওর মিয়া।
প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ওয়েছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক শিকদার মোহাম্মদ কিবরিয়া, লেখক ও গবেষক আব্দুল হাই মোশাইদ, সিলেট জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহির আলী এবং প্রত্যাশা গণপাঠাগারের সাবেক সভাপতি শিক্ষক অজয় দেব।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় সাফল্যের পর উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধকে ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালাবাজার গণপাঠাগারের সাবেক সভাপতি আব্দুল মুকিদ, কলারাই বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মামুন, উপজেলা ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ জালালি, পল্লিচিকিৎসক মুকন্দলাল নাথ, সমাজসেবক মোস্তফা কামাল, রেজুয়ান আহমদ রেজন, শওকত মিয়া ও ইছনুর মিয়া চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশা গণপাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শিবলু মিয়া, কার্যকরী কমিটির সহ-সভাপতি এনাম হোসাইন ও সাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ মৌলুদ আহমদ চৌধুরী, ইউনুছ মিয়া, অর্থ সম্পাদক শিক্ষক সুহেল আহমদ, সমাজসেবা সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, সাহিত্য সম্পাদক তুহিন আহমদ রাহুল, ধর্মবিষয়ক সম্পাদক মারজান আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধিত ২৮ শিক্ষার্থীর মধ্যে ইয়াহ্হহি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ১০ জন, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২ জন এবং বেগমপুর সরৎসুন্দরী উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছেন।