সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। গতকাল শনিবার রাত ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৮ ও , এসআরবি-৬ এর আভিযানিক দল গতকাল রাতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রূপসা থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে আরও জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত যে হত্যা মামলায় (যার নং-৫, তারিখ- ২৪/০৯/১৯৯৯) এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার।
মামলার নথি অনুযায়ী, ওই মামলায় আদালতের বিচারক জয়নাল সরদারকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর থেকেই জয়নাল আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এসআরবি-৮ জানিয়েছে, গ্রেপ্তার জয়নাল সরদারকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।