বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে মারধর: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে মারধর: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং ব্যাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। একপর্যায়ে তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘পিটিয়ে ঘাড় ধরে বের করে দেওয়ার’ প্রকাশ্যে হুমকি দেন। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

 

ঘটনার সময় মেজর আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা শুরু করলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে বাধা দিলে আখতারুজ্জামান তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযোগ রয়েছে, তাণ্ডবের একপর্যায়ে তিনি সাধারণ যাত্রীদের পবিত্র জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

 

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, একটি স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে চরম বাধা সৃষ্টি করা হয়েছে, যা বিমানবন্দরের শৃঙ্খলা ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ কয়েকটি ধারায় (সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শন) মামলাটি নথিভুক্ত করেছে।

 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ ও আলামত বিশ্লেষণের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামানের রাজনৈতিক জীবনও বেশ বিতর্কিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ দল বিএনপি থেকে তিনি বিভিন্ন সময় মোট ৫ বার বহিষ্কৃত হন। বারবার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তাকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা তার সেই অনিয়ন্ত্রিত আচরণেরই ধারাবাহিকতা বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031