তিনদিন থাকতে পারে বৃষ্টি,

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

তিনদিন থাকতে পারে বৃষ্টি,

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আষাঢ়ের শুরুতেই ভারি থেকে অতি ভারি বর্ষণ চলছে দেশের অনেক এলাকায়। বৃষ্টিপাতের পরিস্থিতি আজও একই রকম থাকতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই ভারি থেকে অতি ভারি বৃষ্টি আগামী আরও ৩ দিন থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘ভারি থেকে অতি ভারি বৃষ্টি ২১ জুন পর্যন্ত থাকতে পারে। তারপর বৃষ্টি একেবারে শূন্য হয়ে যাবে না। বৃষ্টি একটু কম থাকতে পারে ২২, ২৩ ও ২৪ জুন। ২৫ জুন থেকে আবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।’

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা ও মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল বুধবার থেকে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকতে পারে। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই ভারি থেকে অতি ভারি বৃষ্টি আগামী রোববার পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার ছাড়াও আর ৩ দিন থাকতে পারে।

 

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে থাকায় দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

 

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930