সিলেট |
প্রকাশিত: 6:16 PM, June 20, 2020
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা আইসোলেশন ইউনিটের অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে একটি বেসরকারি ক্লিনিকে বিক্রির ঘটনায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ওই পরিচ্ছন্নতা কর্মী দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। রাতেই পুলিশ মিটারসহ তিনজনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম। তিনি জানান, গতকাল শুক্রবার সকাল থেকে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ব্যবহৃত দুটি অক্সিজেন সিলিন্ডারের মিটার খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হীরা লাল জানান, তিনি মিটার দুটি ১৩ হাজার টাকায় শহরের কাটনারপাড়া এলাকার সেবা পলি ক্লিনিকে বিক্রি করে দিয়েছেন।
পরে এদিন রাতেই ওই ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারি ঠান্ডু মিয়াকে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘এই ঘটনায় হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন। আজ শনিবার দুপুরে মামলার তিন আসামি হীরা লাল, ফেরদৌস আলম ও ঠান্ডু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’