সিলেট |
প্রকাশিত: 12:51 PM, June 28, 2020
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/জামালগঞ্জঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে প্রত্যন্ত অঞ্চলের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। গত ৪ দিনের টানা ভারি বর্ষণ ও ভারত সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, আবুয়া রক্তি নদী সহ উপজেলার সকল হাওর ও খাল-বিলে পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলে বড় রকমের বন্যার আশংকা করা হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে গতকাল শনিবার রাত থেকে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৬ থেকে ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষনে সুরমা নদীর তীরবর্তী দূর্লভপুর, চানপুর ও লালপুরের সকল ক্রাশার মিল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে নদীর পাড়ে থাকা বালি-পাথর লোর্ডিং-আনলোডিং। উপজেলার আশপাশ আবাসিক এলাকা গুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ বাড়িতে পানি ঢুকেছে। ফলে গৃহবন্দী উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।
এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শতভাগ ঘরবাড়িতে পানি ঢুকবে বলে আশংকা স্থানীয়দের। এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সকল এলাকাতেই পানি প্রবেশ করেছে। সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র সাচনা বাজার সহ ভীমখালী বাজার,বেহেলী বাজার ও উপজেলার প্রায় সবকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক গ্রামীন সড়ক। উপজেলা সদর হতে ৬ টি ইউনিয়নে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।
জামালগঞ্জ সদর,ফেনারবাক,ভীমখালী,বেহেলী, জামালগঞ্জ উত্তর ও সাচনাবাজার সহ ৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজার প্লাবিত হয়ে গ্রামীন অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সাচনা- সুনামগঞ্জ সড়কের কয়েকটি অংশ। বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, উপজেলা জরুরী কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি বন্যায় প্লাবিত সকল এলাকায় সরকারি ত্রান সহায়তা প্রদানের জন্য উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে দেয়া সকল নির্দেশনা মোতাবেক কাজ ও তদারকি করা হচ্ছে।