সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না ১৬টি বানরের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করে সফল হয়েছে। গতকাল মঙ্গলবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানানো হয়।মডার্না বলছে, ভ্যাকসিনের দুটি ইনজেকশন দুটি ভিন্ন মাত্রায় ভাইরাসের বিরুদ্ধে সফল হয়েছে। এ ছাড়া কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। করোনা মহামারি থেকে মানুষকে রক্ষার এটি উল্লেখযোগ্য সাফল্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মডার্নার দাবি, ভ্যাকসিনটি বানরের ওপর প্রয়োগ করে যে সফলতা পাওয়া গেছে তা যদি বিদ্যমান থাকে তাহলে করোনার বিরুদ্ধে এটি ভালো কার্যকর হবে। যে ১৬টি বানরের ওপর এটি প্রয়োগ করা হয়েছিল তাদের নাকে এবং ফুসফুসে কোনো সমস্যা দেখা যায়নি।
এখন ৩০ হাজার মানুষের ওপর এ ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী নভেম্বর বা ডিসেম্বরে মডার্না তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে। ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা আরও সঠিকভাবে নির্ধারণের জন্য ট্রায়ালটি করা হবে।
এর আগে জুলাইয়ের শুরুতে ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে মডার্নার এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তখন দেখা গিয়েছিল এটি নিরাপদ এবং তা করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে ভূমিকা রাখছে।