জুবায়ের আহমেদ/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা রাণী সরকার (৩৫) নামে এক ব্রাক কর্মী নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হন মমতা রাণীর স্বামী মোটরসাইকেল চালক ব্রাক কর্মী মুহিত কুমার সরকার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে মুহিত সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মমতা রাণী সরকার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মুহিত কুমার সরকারের স্ত্রী ও কমলগঞ্জ ব্রাক অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,কমলগঞ্জ থেকে মমতা রাণী তার স্বামী মুহিত কুমার সরকারকে নিয়ে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ গ্রামের বাড়ি থেকে কমলগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে পাহাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ব্রাক কর্মী মমতা রাণী সরকার নিহত হয়। এসময় স্বামী মুহিত কুমার সরকারকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির এএস আই শিতিল ঘোষ ও সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খালেদ মাহমুদ খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন যন্ত্রদানব ট্রাকটিকে রেকার দিয়ে টেনে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।নিহত মমতা রাণীর স্বামী মুহিত কুমার সরকারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।