মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ রোববার দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদক কারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুদেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও আমাদের অন্য বন্ধুদেশের সরকারপ্রধানেরাও উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

 

নওগাঁর ৫৬ জন চিহ্নিত মাদক কারবারির আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদককে রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। সরকারের সচেতনতা কর্মসূচির ফলে মাদক ব্যবসায়ীরা, চোরাকারবারিরা আজকে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ৮৮ হাজারের ওপর কারাবন্দী আছেন। তাঁদের মধ্যে ৩০ শতাংশ মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী। এতেই বোঝা যায় বর্তমানে দেশে মাদকের ছোবল কতটা। মাদকের এই ভয়াবহতা রুখতে সরকার কাজ করে যাচ্ছে।

 

মাদকের সরবরাহ বন্ধ করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাদককে রুখতেই হবে। এই কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব মহলের মানুষকে এগিয়ে আসতে হবে।

 

আত্মসমর্পণকারী মাদক কারবারিদের স্বাগত জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা আজকে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে এলেন, তাঁদের স্বাগত জানাই। শুধু আত্মসমর্পণের জন্য আত্মসমর্পণ যেন না হয়; ভবিষ্যতে এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি বিশ্বাস করি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031