সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩
প্রথম ওভারের জন্য টাইগার অধিনায়ক বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ডানহাতি এই পেসারকে। ছক্কা হজম করলেও মাথা ঠাণ্ডা রেখে পরের ডেলিভারিতে দারুণভাবে কাবু করলেন গুরবাজকে। শর্ট ডেলিভারিতে তেড়েফুঁড়ে খেলতে আসেন আফগান ওপেনার। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে হাওয়ায় ভেসে ওঠে। অন্যান্য ফিল্ডাররা ক্যাচ নিতে এগিয়ে আসলেও নিজের বলে নিজেই তা তালুবন্দী করেন তাসকিন।
এর পরে আবারও তাসকিনের আঘাত। তৃতীয় ওভারের প্রথম বলে তাসকিনকে দারুণ ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন জাজাই। পরের ৩ বলে কোনো রানের সুযোগ দেননি এই ডানহাতি পেসার। একটি ওয়াইড হয়। আর চতুর্থ বলেই জাজাইকে ফেরান সাজঘরে। এক্সট্রা বাউন্সে জাজাই কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ৫ বলে ৪ রন করেন জাজাই।
৭ ওভারের পর বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচ। ম্যাচ বন্ধ হওয়ার আগে ৭ ওভার ২ বলে আফগানিস্তানের সংগ্রহ দুই উইকেটে ৩৯ রান। ব্যাটিংয়ে রয়েছেন ১৪ বলে ১১ রান করা মোহাম্মদ নবি এবং ২০ বলে ১১ রান করা ইব্রাহিম জাদরান।
শেষ ম্যাচে বাংলাদেশ দল ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। কাঁধের ইনজুরির কারণে নেই ওপেনার রনি তালুকদার। এ ছাড়া বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম। রনির পরিবর্তে একাদশে আফিফ হোসেন আর শরিফুলের পরিবর্তে খেলবেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
এদিকে আফগানিস্তান দলেও এসেছে একটি পরিবর্তন। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার ওয়াফাদার মোমান্দের। ফরিদ আহমেদ বাদ পড়েছেন একাদশ থেকে।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি।