সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতের পর এবার বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মিয়ানমার। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর মিলেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বেশি। যুক্তরাষ্ট্র সমর্থিত সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মিয়ানমারের রাজধানী নেপিদোও রয়েছে। ইয়াগির প্রভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশি সাহায্যের অনুরোধ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। ইতিমধ্যে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য কর্মকর্তারা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।