প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের মান্নারগাওঁ গ্রামের আলতাব আলীর পুত্র সামছু উদ্দিনের বন্দোবস্তকৃত বোরো জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের আলতাব আলী পুত্র জিকির আলী গংদের বিরুদে দু’দফা হামলা, মারধর, মাছ লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সামছু উদ্দিন বাদী হয়ে জিকির আলীসহ নয়জনের বিরুদ্ধে শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সামছু উদ্দিন আমবাড়ী বাজারের একজন ব্যবসায়ী তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৯৯ বছরের বন্দোবস্তপ্রাপ্ত বোরো জমিতে ধান চাষ ও বর্ষাকালে মাছ ধরে ভোগদখল করে আসছেন। গত ১৪ অক্টোবর প্রথম দফা হামলা চালায়।
এরই জের ধরে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার সময় দ্বিতীয় দফা হামলা চালায় মান্নারগাওঁ গ্রামের কালা মিয়া পুত্র মোঃ জিকির আলী,ও একই গ্রামের মরম আলী পুত্র মোঃ শমসের আলী, মোঃ আমির আলী, মোগা মিয়া পুত্র মোঃ ইলিয়াছ আলী,আশকর আলী পুত্র মোঃ ফরিদ মিয়া,সুলতান মিয়া পুত্র মোঃ আব্দুল জব্বার,রজাক আলী পুত্র মোঃ কদই মিয়া,এবং একই ইউনিয়নের ঢুলপশী গ্রামের গেদামনের পুত্র মোঃ জামাল উদ্দিন,মোঃ বোরাই মিয়া, ধারালো রামদা, লোহার রড, কাঠের বর্গা, লাঠিসোটা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে সামছু উদ্দিনের বন্দোবস্তকৃত জমিতে অনধিকার প্রবেশ করে মাছ মারতে থাকে।
সামছু উদ্দিন তার ভাই ফারুক মিয়া ও প্রতিবেশী জয়নাল মিয়া বাধা দিলে বিবাদীরা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজসহ হামলা চালায়। হামলার এক পর্যায়ে বিবাদী জিকির আলীর হুকুমে শমসের আলী লোহার রড দিয়ে জয়নাল মিয়াকে মাথায় আঘাত করেন এবং জিকির আলী রামদা দিয়ে তার মাথার বাম পাশে ছেদ মারেন। এছাড়া অন্যান্য বিবাদীরা বাদীসহ ফারুক মিয়া, শফিক মিয়া, ফায়েদ আহমদ ও মাছেদ মিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এ সময় বিবাদীরা বেরজাল ফেলে মাছ লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”