সিলেট |
প্রকাশিত: 6:23 PM, January 2, 2026
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। এ ছাড়া নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছেন খালেদা জিয়ার কবরে। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ কবরের পাশে ভিড় করতে থাকেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। এতে প্রায় এক ঘণ্টা নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতাকর্মীরা কবর জিয়ারত করতে যান।
খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। খালেদা জিয়ার জানাজায় দল–মতনির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জুমার দিন হওয়ায় দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জুমার নামাজের পর সব মসজিদে বিশেষ দোয়া করা হয়।