সিলেট |
প্রকাশিত: 8:52 PM, March 15, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
অমর একুশে বইমেলার শেষ হচ্ছে আজ। নানা আয়োজনে শেষ হচ্ছে এ মেলা। সমাপণী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নীতাই রায় চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় সরকারি পৃষ্ঠপোষকতায় পাঠাগার স্থাপন করা হবে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। রোববার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর তিনি জানতে পারেন যে জাতীয় নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে এবার বইমেলা না হওয়ার উপক্রম হয়েছিল। প্রকাশকদের একাংশ আর্থিক ক্ষতি ও রমজান মাসের অজুহাতে মেলা বন্ধের পক্ষে থাকলেও, সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে তিনি দ্রুত মেলা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত দেন।
বইমেলায় অংশ নেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৭ দিনে তাদের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে ৫৭০টি। মেলা পরিচালনা কমিটি বলছে, গড় হিসাবে ৫৭০টি প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ ১৭ কোটি টাকা দাঁড়ায়। বাংলা একাডেমি ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।
মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে বেশি সংখ্যক ইউনিট বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের চেয়ে কম সংখ্যক ইউনিট বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বেশি। মেলায় বাংলা একাডেমিসহ সকল প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে।
বইমেলার তথ্যকেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী এবার ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১ হাজার ৭৭১টি নতুন বই মেলার তথ্যকেন্দ্রে জমা হয়েছে। প্রকাশিত সকল বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকাশিত নতুন বইয়ের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। নিবন্ধনকৃত মোট মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ২৫২টি।