সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় গৃহহীন মানুষের জন্য বসতঘর নির্মাণে আরেকটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি। সংগঠন দুটির যৌথ উদ্যোগে উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামে গৃহহীন মুহিবুর রহমানের পরিবারের জন্য ২৫তম পাকা ঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জানা যায়, ২০১৯ সালে করোনা মহামারীর সময় প্রতিষ্ঠিত নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন দুর্গম এলাকা প্লাবিত হলে খাদ্য সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠন দুটি ব্যাপক সহায়তা প্রদান করে। এরই ধারাবাহিকতায় গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান দীর্ঘদিন ধরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। স্থায়ী কোনো বাসস্থান না থাকায় পরিবারটি নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। তাদের এই দুরবস্থা বিবেচনায় নিয়ে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেয় নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি।
মঙ্গলবার বিকেলে সংগঠনের বাংলাদেশ টিমের প্রতিনিধি মামুনুর রহমানের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে ঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণাধীন ঘরটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।
এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমান, সাইফুর রহমান, মিলাদ সারোয়ার, যুক্তরাজ্য প্রবাসী আফগানিস্তানের নাগরিক আদম খান এবং যুক্তরাজ্য প্রবাসী ইয়াসমিন আক্তারসহ এশিয়ান ইউকে টিভির সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য দাতা সদস্য।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের অসহায়, গৃহহীন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে বাসস্থানের অধিকার নিশ্চিত করা প্রতিটি সচেতন সমাজের দায়িত্ব। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি সেই দায়িত্ববোধ থেকেই ধারাবাহিকভাবে নগদ অর্থ বিতরণ, খাদ্য সহায়তা, ফ্রি চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এ উদ্যোগ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায়নি, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণাও জাগিয়েছে।
অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান, সাইফুর রহমান ও মিলাদ সারোয়ারসহ সংশ্লিষ্ট ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেসার্স ট্রাস্টের বাংলাদেশ টিমের সদস্য মোস্তাফিজুর রহমান, সাজু আহমদ, নাজমুল ইসলাম, সাঈদ রহমান, জামি আহমদ ও রুমেছ আহমদ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আসহাবুর রহমান।