লেবাননে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ ভারতের

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় লেবাননে ক্রমবর্ধমান ‘বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের’ ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল-এ সৈন্য প্রেরণকারী এবং লেবাননের শান্তি ও নিরাপত্তায় আগ্রহী একটি দেশ হিসেবে ভারত বর্তমান ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক মনে করছে।

 

জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করা অপরিহার্য বিষয়।

এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল) ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশ।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত উমর হাদির নেতৃত্বে দেশগুলোর রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিতে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।

 

সম্প্রতি লেবাননে দায়িত্ব পালনরত অবস্থায় ৩ জন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহতের ঘটনার প্রেক্ষাপটে এই কঠোর বার্তা দেওয়া হয়।

 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলাগুলোতে ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, নেপাল ও পোল্যান্ডের শান্তিরক্ষীরা আহত হয়েছেন। এই দেশগুলো লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু, অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ১০ লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি বিবৃতিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

এদিকে জাতিসংঘের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, গত ২৯ মার্চ একজন শান্তিরক্ষী ট্যাঙ্কের গোলায় নিহত হয়েছেন। এটি ইসরায়েলি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন, ৩০ মার্চ বিস্ফোরক ডিভাইসের আঘাতে আরও ২ জন শান্তিরক্ষী প্রাণ হারান।

 

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো জোর দিয়ে বলেছে, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

 

লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930