প্রমোদতরীতে হান্টাভাইরাস আতঙ্ক উদ্ধার মার্কিন নাগরিকের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

প্রমোদতরীতে হান্টাভাইরাস আতঙ্ক উদ্ধার মার্কিন নাগরিকের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক ::

 

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী এমভি হন্ডিয়াস থেকে উদ্ধার এক মার্কিন নাগরিকের শরীরে ভাইরাসটির সংক্রমণশনাক্ত করা হয়েছে। পাশাপাশি ওই জাহাজের আরও এক যাত্রীর মধ্যে ভাইরাসের মৃদু উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

সরকারি চার্টার বিমানে করে ফেরত আসা দুই যাত্রীকে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে বিশেষ বায়োসুরক্ষা ইউনিটে (বায়োকনটেইনমেন্ট ইউনিট) রাখা হয়।

বিমানে থাকা এমভি হন্ডিয়াস প্রমোদতরীর ১৭ মার্কিন নাগরিক যাত্রীকে এখন নেব্রাস্কার একটি মেডিকেল সেন্টারে নিবিড় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণে রাখা হবে।

 

বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করা রয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বড় ধরনের সংক্রমণের ঝুঁকি এখনো খুব কম।

 

এ পর্যন্ত জাহাজটির যাত্রীদের মধ্যে এক ডাচ দম্পতি ও এক জার্মান নারী মারা গেছেন। মৃতদের মধ্যে দুজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছিল। ধারণা করা হচ্ছে, ডাচ দম্পতি দক্ষিণ আমেরিকা সফরের সময় ভাইরাসটিতে আক্রান্ত হন।

 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশে ফেরত এক ফরাসি নারীর শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি প্যারিসে আইসোলেশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

 

ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের আলাদা ফ্লাইটে ফিরিয়ে নিচ্ছে। যুক্তরাজ্যে ফেরত যাওয়া ২০ ব্রিটিশ নাগরিককে হাসপাতালে ৭২ ঘণ্টার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তাদের কারও মধ্যে এখনো উপসর্গ দেখা যায়নি।

 

এদিকে স্পেনে ফেরত যাওয়া ১৪ জন নাগরিককে সামরিক হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আরও কয়েকটি উদ্ধার ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে।

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, ফেরত আসা সব যাত্রীদের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারে পরীক্ষা করা হবে। এর আগে আরও সাত মার্কিন নাগরিক নিজ নিজ অঙ্গরাজ্যে ফিরে গেছেন এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, হান্টাভাইরাস পরিস্থিতিতে ডব্লিওএইচও-র নির্দেশনা পুরোপুরি অনুসরণ না করার সিদ্ধান্ত ঝুঁকি তৈরি করতে পারে। ডব্লিওএইচও জাহাজ থেকে নামা যাত্রীদের জন্য ৪২ দিনের আইসোলেশন সুপারিশ করেছে।

 

তবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ভারপ্রাপ্ত প্রধান জয় ভট্টাচার্য্য বলেছেন, অযথা আতঙ্ক তৈরি করতে চান না তারা। তার মতে, হান্টাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার সম্ভবনা বিরল এবং এটিকে কোভিড-১৯-এর মতো পরিস্থিতি হিসেবে দেখা উচিত নয়।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। তবে দক্ষিণ আমেরিকায় শনাক্ত হওয়া অ্যান্ডিস স্ট্রেইন মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

 

হান্টাভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, অতিরিক্ত ক্লান্তি, পেশিতে ব্যথা, পেটব্যথা, বমি, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট।

Spread the love