সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট নগরীর গোয়াবাড়ী এলাকার চা-বাগান ঘুরতে এসে এক তরুণী ইভটিজিং ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় তিনি লাইভে গিয়ে বিষয়টি প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ব্যাপক সমালোচনার মুখে স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে আটক করে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় গোয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আশফিকা তাহসিন নামে এক তরুণী চা-বাগান এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকেন। লাইভে তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে।
ভিডিওতে একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ জবাবে কয়েকজনকে অশোভনভাবে হাসতে দেখা যায়। এ ছাড়া একজন যুবককে তার মোবাইল ক্যামেরার সামনে এসে পোজ দিতে এবং আরেকজনকে সিগারেট টানতে টানতে বিরক্ত করতে দেখা যায়। তরুণীর অভিযোগ, বারবার সরে যেতে বললেও তারা তার পিছু নেয়। আশপাশে লোকজন থাকলেও কেউ সহযোগিতায় এগিয়ে আসেননি বলেও তিনি লাইভে অভিযোগ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের শনাক্ত করে ধাওয়া দিয়ে তিন যুবককে আটক করে। পরে তাদের নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে এবং ভুক্তভোগী মামলা করলে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হবে এমন অঙ্গীকারের ভিত্তিতে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘নারী পর্যটককে উত্ত্যক্তের ভিডিও নজরে আসার পর অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে তাদের নিয়ে সালিশ অনুষ্ঠিত হয়।’
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ খান সজিব বলেন, ‘ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি, গোয়াবাড়ী এলাকার চা-বাগানসংলগ্ন সড়কে এক তরুণীকে কয়েকজন কিশোর ইভটিজিং ও হেনস্তা করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় মুরব্বি, বাজার কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, আটক কিশোরদের অভিভাবকরা এসে ক্ষমা চান। ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিলে অভিযুক্তদের থানায় সোপর্দ করার অঙ্গীকার করা হয়েছে। বিষয়টি থানাকেও জানানো হয়েছে। বর্তমানে তিনজন স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রয়েছে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করে। তবে ঘটনাস্থল তাদের থানা এলাকার মধ্যে নয়। তবুও অপরাধীরা যেখানকারই হোক, তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
ওয়াকওয়ে ও পর্যটন এলাকায় বখাটেদের উৎপাতের বিষয়ে তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে এর আগে বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||