সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানের সামরিক বাহিনীর হরমুজ প্রণালি পুনরায় বন্ধের দাবির মধ্যেই সুইজারল্যান্ডে নতুন করে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।
যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইরান দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার রাতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে।
রোববার শুরু হওয়া এই নতুন দফার আলোচনায় পারমাণবিক ইস্যু এবং লেবানন যুদ্ধবিরতি প্রশ্নে অগ্রগতি হওয়ার আশা প্রকাশ করেছেন ভ্যান্স। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং সহিংসতা কমছে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও লেবাননের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পুরো অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করাই এই উদ্যোগের উদ্দেশ্য।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, ‘তেহরান আলোচনায় অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাবে।’
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আলোচনার সূচনাপর্বে অংশ নেবেন বলে তার কার্যালয় জানিয়েছে। চলমান সংকটে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা আলোচনা আয়োজন করেছিল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ এবং লেবাননের সংঘাত দ্রুত বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ আরও আলোচনা চালাবে।
তবে পরিস্থিতিকে জটিল করে তুলেছে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘর্ষ। শনিবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহ সংশ্লিষ্ট ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ডজনখানেক যোদ্ধাকে হত্যা করেছে। পাশাপাশি চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।
যদিও শুক্রবার উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়, এরপরও সীমান্তে গোলাগুলি ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে।