লোহিত সাগরের নিরাপত্তায় নতুন জোট, বাংলাদেশসহ ১৩ দেশকে আমন্ত্রণ সৌদির

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

লোহিত সাগরের নিরাপত্তায় নতুন জোট, বাংলাদেশসহ ১৩ দেশকে আমন্ত্রণ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক ::

 

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা মোকাবিলায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। কূটনৈতিক সূত্রের বরাতে আল মনিটর জানিয়েছে, এ উদ্যোগে প্রায় ৫০টি দেশকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছে রিয়াদ।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন এ জোটে অংশ নিতে ইতোমধ্যে মিশর, সুদান, জিবুতি ও সোমালিয়া নীতিগত সম্মতি দিয়েছে। পাশাপাশি তুরস্ক, কাতার, বাহরাইন, কুয়েত, পাকিস্তান, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জোটটির ভবিষ্যৎ কার্যকারিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আল মনিটরের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনকেও এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র হুতিবিরোধী সামরিক অভিযানে সরাসরি অংশ নিতে অনাগ্রহী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এ জোটে যুক্ত হয়, তাহলে ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ কয়েকটি ইউরোপীয় দেশও এতে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।

সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী, এই জোটের কার্যক্রম শুধু হুতি হামলা প্রতিহত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। লোহিত সাগরে জলদস্যুতা, অস্ত্র ও পণ্য চোরাচালান দমনে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও এর অন্যতম প্রধান লক্ষ্য।

 

বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। ফলে এ রুটে নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, গত ২০ জুলাই হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরব-সংশ্লিষ্ট সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর জবাবে বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানায় সৌদি আরব।

 

পরবর্তীতে হুতি গোষ্ঠী দাবি করে, সৌদি আরবের আরোপিত অবরোধের প্রতিশোধ হিসেবে তারা সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31