হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে, দাবি ট্রাম্পের

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে বড় ধরনের ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের নাসাও জেলা পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তার।

ট্রাম্প দাবি করেন, ইরানকে পরাজিত করার পর যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ এই ঘোষণা দিতে পারে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধও অব্যাহত রাখার কথা জানান তিনি। এই অবরোধকে তিনি ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে উল্লেখ করেন।

 

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে।

পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে একটি শান্তি সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগের পর আবারও সংঘাত তীব্র হয়। এরপর ইরান ফের প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে এবং যুক্তরাষ্ট্রও ইরানের ওপর অবরোধ আরও কঠোর করে।

 

বর্তমানে তেহরানের অবস্থান হলো, হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। অন্য দেশগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রেও ইরানের অনুমোদন ও নির্দিষ্ট শর্ত মানার কথা বলছে দেশটি।

 

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে ‘অভিভাবকের’ ভূমিকায় রাখার এবং বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের কথাও বলেছিলেন। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

 

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। তার দাবি, হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে এবং ভবিষ্যতেও ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। প্রণালিটি কখন বন্ধ বা খোলা হবে, সে সিদ্ধান্তও তেহরানই নেবে বলে জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31