দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক ::

 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান যুদ্ধ নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করেন ট্রাম্প।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার প্রতি ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও শত্রুতাপূর্ণ’ বার্তা পাঠায়।

আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে তার সময়কালে উত্তর কোরিয়া ‘হুমকিহীন ও সম্মানজনক’ আচরণ করেছে। কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।

 

তিনি জানান, মহড়া বাতিল করার জন্য তখন অনেক দেরি হয়ে গেছে। তাই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে’ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের বিষয়েও মতপার্থক্যের কথা তুলে ধরেন। তিনি জানান, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন। তবে সিউল এতে সম্মতি দেয়নি বলে দাবি করেন তিনি।

 

তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

 

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে বার্ষিক এই সামরিক মহড়া ১৭ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১১ দিন চলার কথা রয়েছে। এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়াই এই মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।

 

উত্তর কোরিয়া বরাবরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। পিয়ংইয়ংয়ের দাবি, এসব মহড়া আসলে উত্তর কোরিয়ায় হামলার প্রস্তুতি বা আক্রমণের মহড়া।

 

গত সপ্তাহেও উত্তর কোরিয়া আসন্ন মহড়ার তীব্র সমালোচনা করে একে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে একটি ‘পারমাণবিক জোটে’ পরিণত হচ্ছে। এর জবাবে নতুন মাত্রার হুমকির বিরুদ্ধে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

 

এর একদিন পর কিম জং উনের পাশে দাঁড়ানো নিজের একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবির বিষয়ে তিনি বলেন, ছবিতে কিমের চেহারায় বন্ধুত্বপূর্ণ ভাব না থাকলেও তাদের মধ্যে সম্পর্ক ‘দারুণ’।

 

ট্রাম্পের প্রথম মেয়াদেও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া কমানোর চেষ্টা দেখা গিয়েছিল। ২০১৮ সালে সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর ট্রাম্প এসব মহড়াকে ‘ব্যয়বহুল’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31