সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সাংবিধানিক প্রক্রিয়ায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভবিষ্যতে ৭০ ধারার সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকার দলের পক্ষ থেকে আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত।’
আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিকের আবার নতুনভাবে সূচনা হবে।’
৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছি, সেই কমিটিতে বিরোধীদলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমযোতা হয়েছে।’
সেখানে চারটি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তার মধ্যে দুইটি বিষয়ে সব দল মোটামুটি একমত। একটা হচ্ছে অর্থবিল। আরেকটা হচ্ছে…চারটা বিষয় ছিল। একটা হল অর্থবিল এবং আরেকটা আস্থা বোর্ড।’
আস্থা বোর্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানে ইম্পিচমেন্টের ক্ষেত্রে সবাই মনে করে, ৭০ অনুচ্ছেদে এই দুইটা বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না।’
তবে সংবিধান সংশোধনসংক্রান্ত বিল এবং যুদ্ধ পরিস্থিতিতে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন কি না, এ দুটি বিষয়ে বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির অবস্থান হলো, এই দুই বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারেই ভোট দেবেন।
অন্যদিকে আরেকটি বড় বিরোধী দল সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে সেটা জাতীয় স্বার্থেই এটা বিবেচনা করে। আমরা মনে করেছি যে, এ বিষয়ে দলের সদস্যরা দলের বাইরে ভোট দেয়া ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি ওইভাবে যদি ৭০ এর অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতির নির্বাচন হবে তখন সে ৭০ এর অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি।’