সুনামগঞ্জে পুলিশের হাতকড়া নিয়ে লাইভে আসা সেই আসির মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

সুনামগঞ্জে পুলিশের হাতকড়া নিয়ে লাইভে আসা সেই আসির মিয়া গ্রেপ্তার
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো বহুল আলোচিত আসামি আসির মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
‎বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘পানসী রেস্টুরেন্ট’ থেকে এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃত আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
‎পুলিশ সূত্র জানায়, কিছু দিন আগে শান্তিগঞ্জ থানা পুলিশ আসির মিয়াকে আটক করার পর স্থানীয় কয়েকজন আত্মীয়-স্বজন পুলিশের ওপর চড়াও হয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুলিশকে নিয়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য দেয় এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালায়।
‎বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তারে মাঠে নামে ডিবি পুলিশ।
‎গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এর নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সুনামগঞ্জ সদর থানার এসআই জহির হোসেনের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস দল শহরের পানসী রেস্টুরেন্টে অভিনব কৌশলে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
‎সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এই একাধিক মামলার আসামিকে রাত পানসী রেস্টুরেন্ট থেকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930