লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাকালে চিকিৎসক-নার্সদের মনোবল চাঙ্গা করতে ভিন্নধর্মী প্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তরুণ চিকিৎসক। তাদের এমন প্রয়াস এখন আলোচিত ডিজিটাল মাধ্যমসহ সর্বত্র। এমন প্রয়াসের যুক্ত চিকিৎসকরা বলছেন যে, চাপের মধ্য দিয়ে করোনার চিকিৎসা দিচ্ছেন ডাক্তার-নার্সরা। মূলত তাদের মনোবল ধরে রাখা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।
করোনার দুর্যোগের সবচেয়ে বড় চাপটি সামলানোর দায়িত্ব এসে এখন পড়েছে তরুণ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর, যা বাইরে থেকে বোঝা কঠিন। ঘণ্টার পর ঘণ্টা তাদের একটাই কাজ করোনার মুমূর্ষু রোগীদের বাঁচানোর চেষ্টা করে যাওয়া। পরিস্থিতি এমন এই কাজে ক্লান্তি আছে, কিন্তু ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তাই তো ঢাকা মেডিকেলের তিন চিকিৎসকের এমন প্রয়াস। উদ্দেশ্য, করোনার চিকিৎসা সেবায় নিয়োজিত সহকর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখা।
এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিডিওতে অংশগ্রহণকারী ইন্টার্ন চিকিৎসক আনিকা ইবনাত শামা এনটিভিকে বলেন, ‘যেসব চিকিৎসক করোনার বিরুদ্ধে নিয়মিত লড়াই করে যাচ্ছেন তাদের মনোবল জোরদার থাকে, তাদের যেন আমরা আরেকটু উৎফুল্ল, আরেকটু অনুপ্রাণিত করতে পারি সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র পরিবেশনা। আরেকজন অংশগ্রহণকারী ডা. শাশ্বত চন্দন বলেন, ‘এর আগে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি ডাক্তার ও রোগীরা যাতে উৎফুল্ল থাকে, মনোবল চাঙ্গা থাকে তার জন্য গান-নাজ বিভিন্ন অনুষ্ঠান করেছে।
ঢাকা মেডিকেলের বারান্দায় সিলেটের আঞ্চলিক গানের সঙ্গে এমন গান ও নাচের নেতৃত্বে ছিলেন ডা. শাশ্বত চন্দন। সঙ্গে ছিলেন ডা. আনিকা এবং ডা. কৃপা। তাঁরা বলছিলেন, কাছে থেকে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না এই মুহূর্তে করোনার চিকিৎসা সেবার সঙ্গে জড়িত ডাক্তার- নার্সরা কতটা পরিশ্রম করে যাচ্ছেন। সামর্থ্যের তুলনায় কতটা রোগীর চাপ তাদের সামলাতে হচ্ছে।
ডা. শাশ্বত চন্দন বলেন, ‘আমাদের অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছে। করোনার ভয়াবহ ব্যাপার হচ্ছে, এটা রোগীদের মানসিকভাবে দুর্বল করে ফেলে। অনেক ডাক্তার দেখা যাচ্ছে, তাঁরাও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ডা. আনিকা বলেন, ‘একটা পিপিই পরা মানে, আমি পুরোপুরি প্রোটেকশন নিচ্ছি। আমি কিছু খেতে পারব না। আমি পানিও খেতে পারব না। এভাবে প্রতিনিয়ত সেবা দিয়ে যাওয়া- এটা আসলে অনেক বেশি মানসিক শক্তির প্রয়োজন। এই কষ্টটা আমাদের দেশের চিকিৎসকরা করে যাচ্ছেন। ডা. চন্দন, ডা. আনিকা আর ডা. কৃপার এমন প্রয়াস যে করোনার চিকিৎসকদের উদ্দেশ্যে তাঁরা বলছিলেন, এই সময় তাদেরকে কতটা প্রস্তুত থাকতে হচ্ছে।