সিলেট |
প্রকাশিত: 12:35 PM, May 3, 2021
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হেফাজতে ইসলাম-এর প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী’র অনুসারী নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সংগে সাক্ষাৎ করেছেন। রবিবার (২ মে) রাতে তাঁরা ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় যান। ‘শফী কমিটি’র যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বাংলাভিশন ডিজিটালকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে তাঁরা সৌজন্য সাক্ষাত করেছেন। কী ধরনের কথা হয়েছে জানতে চাইলে ফজরের নামাজের কথা বলে তিনি ফোন রেখে দেন। মুফতি ফয়জুল্লাহ ছাড়া বৈঠকে আরও ছিলেন মাওলানা হাসনাত আমিনী, মাওলানা আলতাফ, মাওলানা মঈনুদ্দিন রুহী।
জুনাইদ বাবুনগরী’র নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়ার পর ‘শফী কমিটি’র যুগ্ম সম্পাদক মঈনুদ্দীন রুহী বাংলাভিশন ডিজিটালকে বলেছিলেন, হেফাজতের মূল কমিটি ছিলো আহমদ শফীর গঠন করে যাওয়া কমিটি। ফলে, আহমদ শফীর মৃত্যুতে আমিরের যে পদটি খালি আছে, তা সংগঠনের অন্যদের মতামতের ভিত্তিতে পূরণ করা হবে। আর এই কমিটিতে কিছু সংযোজন-বিয়োজন করা হবে।
এতে আহমদ শফীর আদর্শ মেনে বাবুনগরী যদি তাঁদের সংগে আসতে চান, তাতে কোনো আপত্তি নেই। সংগঠনের নেতারা চাইলে তাঁকে নতুন আমির হিসেবে মেনে নেবে। কিন্তু কমিটিতে কিছু সংস্কার আনতে হবে। কমিটির যাঁরা মারা গেছেন তাঁদের জায়গায় নতুন করে অন্যদের অন্তর্ভুক্ত করতে হবে। আর মামুনুল হকসহ হেফাজতের বিতর্কিত নেতাদেরও বাদ দেওয়া হবে কমিটি থেকে।