উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে লড়াই জোরদারের ঘোষণা ট্রুডোর

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে লড়াই জোরদারের ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কানাডার অন্টারিওতে দু’দিন আগে ট্রাকচাপায় একটি মুসলিম পরিবারের চারজনকে হত্যার ঘটনা ঘিরে যে আলোচনা সৃষ্টি হয়েছে, তার পক্ষে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পার্লামেন্টের হাউজ অব কমন্সে মঙ্গলবার এক বিবৃতিতে এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিগুণ উদ্যমী হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

 

ওই চার সদস্যের মৃত্যুর ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইসলামের প্রতি বিদ্বেষ থেকেই এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে দৃষ্টি এনে ট্রুডো বলেন, ‘এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা একটি সন্ত্রাসী হামলা। যা আরেকটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা থেকে একজনের হৃদয়ে উৎসারিত হয়েছে।’

 

পার্লামেন্টে ট্রুডো আরও বলেন, ‘ঘৃণার বিরুদ্ধে আমরা অফলাইন এবং অনলাইনে লড়াই চালিয়ে যাব, এর মধ্যে রয়েছে অতি-ডানপন্থী গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়া। প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্তির মাধ্যমে আমরা তেমনটা করেছি।’

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই দিন ট্রাকটি মূল সড়ক থেকে লাফ দিয়ে ফুটপাতে উঠে ওই পরিবারটির ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তবে পরিবারের নয় বছরের ছেলে ফায়াজ বেঁচে যায়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুসলিম পরিবারটি সেখানে তিন প্রজন্ম ধরে বসবাস করে আসছিল বলেও জানায় পুলিশ।

 

টরন্টো ও ডেট্রয়টের মধ্যবর্তী অবস্থানে থাকা লন্ডন শহরটিতে প্রায় চার লাখ মানুষের বসবাস। সেখানে মুসলিমদেরও একটি বড় অংশ বাস করে এবং শহরে অন্তত তিনটি মসজিদ আছে। নাথানিয়েল ভেল্টম্যান নামের ২০ বছর বয়সী ওই ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

 

জানা গেছে তাকে অন্টিারিও লন্ডন শহরের মসজিদ থেকে ৫০০ মিটার দূরের একটি পার্কিংলট থেকে গ্রেপ্তার করা হয়। শেতাঙ্গ ভেল্টম্যানের বিরুদ্ধে চার ধরনের অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসী হামলার বিষয়ে সম্ভাব্য অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখতে কর্তৃপক্ষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031