বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের একটি বোরো ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মামুন দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের ছেলে এবং স্থানীয় আমবাড়ি বাজার এলাকার আল হারামাইন একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চাচাতো ভাইয়ের সঙ্গে পাশের বিলে মাছ ধরতে যায় মামুন। পরে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আর বাড়িতে পৌঁছায়নি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
বিকেল প্রায় ৫টার দিকে স্থানীয় বাসিন্দা নুর আলম নিজের জমি দেখতে গিয়ে ধানক্ষেতের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
পরিবারের দাবি, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার আশঙ্কাকে জোরালো করছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন ও দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।