সিলেট |
প্রকাশিত: 10:01 PM, May 23, 2026
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতি খেলোয়াড় মাহিন অনূর্ধ্ব-১৪ একক ওদ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নতুন কুড়ি স্পোর্টস টিমের হয়ে অংশ নিয়ে মাহিন ও আয়ুস জুটি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বিভাগ সেরার মুকুট ছিনিয়ে নেয়। সে মাহিন ব্যাডমিন্টন একাডেমি প্রতিষ্ঠাতা লায়েক আহমদের পুত্র।
প্রতিযোগিতায় তারা ধারাবাহিকভাবে মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। ফাইনাল ম্যাচে তাদের চমৎকার সমন্বয়, দ্রুতগতির স্ম্যাশ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।
মাহিনের এ সাফল্যে ওসমানীনগরসহ পুরো সিলেট জেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়ামোদী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই অর্জনে মাহিন ও আয়ুসকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তরুণ খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়েও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
এদিকে মাহিনের এই কৃতিত্বে তার পরিবারও গর্বিত। তারা জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি মাহিনের গভীর আগ্রহ ছিল। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং পরিবারের সহযোগিতার ফলেই আজ সে বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। এই অর্জন ওসমানীনগরের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।