মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ ভারতীয় গরু ও নৌকা জব্দ

প্রকাশিত: 3:35 PM, July 31, 2026

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ ভারতীয় গরু ও নৌকা জব্দ
প্রতিনিধি / সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ২৮টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি-২৮ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা গরুগুলো একটি স্টিলবডি নৌকায় করে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির সদস্যরা বাকাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নৌকাসহ ২৮টি মাঝারি আকারের গরু জব্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে গরুগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।

 

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত গরু ও নৌকা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য, গবাদিপশু কিংবা অন্য কোনো সামগ্রী প্রবেশের চেষ্টা রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031