সিলেট ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
বিনোদন ডেস্কঃঃ
বুকে ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক মান্না। সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলায় প্রাণ হারিয়েছেন এ নায়ক। মান্নার অবহেলাজনিত মৃত্যুতে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী মান্না। রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শেলী মান্না বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছি। এখনও নিষ্পত্তি হয়নি। সে সময় ডাক্তারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও ইস্যু হয়েছিল। পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায় বিচার চাই। মান্না হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এদিকে নায়কের মৃত্যুর ১৩ বছর পার হলেও মামলার নিষ্পত্তি হয়নি।
বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রমও রয়েছে স্থগিত। মান্না মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে পা রাখেন। ওই বছরই মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তওবা’। এর পর প্রায় সাড়ে ৩০০ ছবিতে অভিনয় করেন তিনি।