সিলেট ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদিয়ালা জেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ডনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পিটিআই জানিয়েছে, সাইফার মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর কুরেশিকে আদিয়ালা জেলের সামনে থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
কুরেশিকে ১৫ দিন আটক রাখার জন্য রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার গতকাল মঙ্গলবার যে আদেশ জারি করেছেন, সেটিও প্রত্যাহার করা হয়েছে। কোন মামলায় পিটিআইয়ের নেতা কুরেশিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো, তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ডন। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা যখন কুরেশিকে জোর করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বারবার বলছিলেন, তাকে ‘অবৈধভাবে’ গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে তামাশা করছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা। এর আগে গত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার ঘনিষ্ঠ সহযোগী কুরেশিকে সাইফার মামলায় জামিন দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি মুচলেকা দিতে বলা হয়েছে।