ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে, ফিফাকে সতর্ক করলেন ট্রাম্প

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সরালে ‘ভয়াবহ ভুল’ হবে, ফিফাকে সতর্ক করলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক ::

 

বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরিয়ে দিলে ফুটবলের আন্তর্জাতিক সংস্থাগুলো ‘ভয়াবহ ভুল’ করবে বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইনফান্তিনোকে ছাড়া ফিফা ‘কখনোই এতটা সফল বা লাভজনক’ হতে পারবে না।

 

ট্রাম্প লিখেছেন, ‘যে কোনো কারণেই হোক, ফিফা যদি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে।’

তিনি আরও বলেন, ‘তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় চার গুণ বেশি সফল। তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’

 

তবে একই দিনে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার তিন মহাদেশীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর বাণিজ্যিক পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। এক যৌথ খোলা চিঠিতে উয়েফা, কনকাকাফ ও এএফসি বলেছে, বিশ্বকাপের স্বত্বের অংশ বিক্রির ব্যর্থ পরিকল্পনাটি ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি ‘মৌলিক আস্থার লঙ্ঘন’।

 

তিন সংস্থা আরও বলেছে, ‘প্রতারণার মাধ্যমে যখন আস্থা ভেঙে দেওয়া হয় এবং কোনো ব্যক্তি তাকে যে সমষ্টি ক্ষমতা দিয়েছে, তার ঊর্ধ্বে নিজেকে স্থান দেন, তখন সেই দায়িত্ব পরিত্যাগ করা হয়।’

 

চিঠিতে তারা লিখেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অভিন্ন আবেগ। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। এটি খেলোয়াড়, সমর্থক, ক্লাব, সদস্য সংস্থা এবং এর ভবিষ্যৎ রক্ষার দায়িত্বে থাকা প্রতিটি প্রতিষ্ঠানের।’

 

এদিকে কনকাকাফের সদস্য যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থাও পৃথক বিবৃতি দিয়ে কনকাকাফের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র, কানাডা, ক্যারিবীয় ফুটবল ইউনিয়ন এবং মধ্য আমেরিকার ফুটবল ইউনিয়ন বিশ্বের অন্যান্য সহকর্মীর সঙ্গে একত্রে ফিফার প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী করার জন্য অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাচ্ছে।’

 

এর আগে ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক ও পরিচালনাগত কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, সেই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ অংশ ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছে বিক্রির কথা ছিল। তীব্র সমালোচনার পর অবশ্য ইনফান্তিনো এই প্রস্তাবের জন্য ক্ষমা চেয়েছেন।

 

তবে সোমবারের যৌথ চিঠিতে তিন ফুটবল সংস্থা ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ না করে তার পরিকল্পনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, ‘অত্যন্ত অল্প সময়ের মধ্যে, অর্থবহ আলোচনা ছাড়াই এবং সদস্য সংস্থাগুলো শর্তগুলো যথাযথভাবে পর্যালোচনা করার আগেই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রস্তাবটি এগিয়ে নেওয়া কোনো অসতর্কতার ফল নয়। বরং এটি এমনভাবে পরিকল্পিত হয়েছিল, যাতে যথাযথ যাচাই-বাছাইয়ের সুযোগ সীমিত থাকে।’

 

তারা আরও বলেছে, ‘বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বিক্রির চেষ্টা যে গুরুতর বিচক্ষণতাহীন সিদ্ধান্ত ছিল, সেটি এখনো স্বীকার করা হয়নি। এটি শুধু প্রক্রিয়াগত ভুল ছিল না; বরং ফিফা যেসব প্রতিষ্ঠানের সেবা করার জন্য বিদ্যমান, তাদের প্রতিই মৌলিক আস্থার লঙ্ঘন।’

 

এর আগে গত সপ্তাহে উয়েফা জানিয়েছিল, ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার পরও তাদের সদস্য দেশগুলো বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের বিষয়টি বিবেচনা করতে পারে।

 

২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথমবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইনফান্তিনো। তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। ইতোমধ্যে তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে ২০৩১ সাল পর্যন্ত ফিফার সভাপতির দায়িত্বে থাকতে পারবেন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31